বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেছেন, সরকারের একটি সিন্ডিকেট মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এই সিন্ডিকেটই দেশের মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ করে। তিনি দাবি করেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেয়ায় সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদ্দাম বলেন, সিলেটের ডিসিকে প্রত্যাহার করা হয়েছে।
কী কারণে? তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন, মাজারকেন্দ্রিক কোনো মাদক বাণিজ্য চলতে দেয়া হবে না। কিন্তু সরকারের পুরো একটি সিন্ডিকেট এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। লাখ লাখ কোটি টাকার এই ব্যবসা তারা নিয়ন্ত্রণ করে। সমাজকে তারা স্থিতিশীল থাকতে দিতে চায় না। কারণ মাদকাসক্ত একটি প্রজন্ম তাদের স্বার্থ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় কোটি কোটি টাকার ব্যবসা ও ডিলারশিপ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংসদ কার্যক্রমে অংশ নেয়ার পর ছাত্রশিবির মাদকবিরোধী অভিযান পরিচালনার কথা বলেছে।
এরপর একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নিজেকে আদর্শবান ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলারও সময়। দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মো. মেহেদী হাসান। সঞ্চালনা করেন সংগঠনটির শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক ও বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
