কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাইবোনকে আটক করা হয়েছে। গত রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার যৌথবাহিনীর চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেনÑ বান্দরবানের আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার মো. মুফিজুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (২৪) এবং তার তিন বোন তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) ও সাকিলা আক্তার লাকি (১৯)। তারা সবাই সহোদর ভাইবোন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উখিয়া যৌথবাহিনীর চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামানো হয়।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবার মালিকানা ও বহনের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় চার ভাইবোনকে আটক করা হয়। একই পরিবারের চার সদস্য একসঙ্গে ইয়াবাসহ আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, মাদকবিরোধী অভিযানের মধ্যেও বিভিন্ন কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে। উখিয়া থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
