দেশের সার শিল্পে গ্যাস সংকট অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশে পরিচালিত সার কারখানাগুলোর মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ছাড়া অন্য কোনো কারখানা সারা বছর সচল রাখা সম্ভব হয় না। গ্যাসের সরবরাহ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়। সোমবার বিকালে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার তালিকায় প্রথমে বিদ্যুৎ উৎপাদন, এরপর শিল্প-কারখানা এবং তৃতীয় অবস্থানে রয়েছে সার কারখানা।
ফলে গ্যাসের স্বল্পতার প্রভাব সরাসরি সার উৎপাদনে পড়ে। চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সম্পর্কে তিনি বলেন, প্রায় চার দশক আগে প্রতিষ্ঠিত এ কারখানার উৎপাদন সক্ষমতা সময়ের সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে কারখানাটি তুলনামূলক বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। তিনি জানান, সিইউএফএল-এ নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি কারখানাটিকে পূর্ণ উৎপাদন সক্ষমতায় ফিরিয়ে আনতে কী ধরনের প্রযুক্তিগত ও অবকাঠামোগত পরিবর্তন প্রয়োজন, তা মূল্যায়নের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে।
তাদের প্রাথমিক পরিদর্শনের অংশ হিসেবেই এ সফর। পরিদর্শনকালে মন্ত্রী কাফকো, সিইউএফএল ও ডিএপি সার কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। সিইউএফএল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পৃথকভাবে তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ করপোরেট অফিসার খাজা সাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ ফারুক, সিইউএফএল’র ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি ফার্টিলাইজার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
