রূপগঞ্জের দুই শিল্পকারখানায় ডাকাতি চট্টগ্রাম থেকে মালামালসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দু’টি শিল্প কারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় আটদিন পর চট্টগ্রাম থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া দু’টি বড় কম্প্রেসার মেশিন ও দু’টি মোটর উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, গত ১২ ও ১৩ই জুন তারাবো পৌরসভার বরপা বাজার এলাকার নিপুণ সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও একই পৌরসভার বরাবো এলাকার এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিটে পুলিশ পরিচয়ে প্রবেশ করে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল। তারা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা, মোটরসাইকেল, যন্ত্রপাতি ও কাঁচামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রায় ৬৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ওই দুই প্রতিষ্ঠানের।

ঘটনার পরপরই মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেন তারা। এ সময় লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, ডাকাত চক্রের অধিকাংশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার ও বাকি মালামাল উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন