বৃটিশ পার্লামেন্টারি লেবার পার্টির ভাইস চেয়ার পলি বিলিংটন বলেছেন, তিনি আশা করছেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার নিজের অবস্থান নিয়ে ভেবেছেন এবং শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবেন। বিলিংটন আরও বলেন, তিনি আশা করেন, আজ সোমবার তিনি এমনভাবে আচরণ করতে পারবেন, যা তাকে কিছুটা মর্যাদা এবং একটি রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার সুযোগ দেবে। এ খবর দিয়ে অনলাইন স্কাইনিউজ বলছে, অ্যান্ডি বার্নহাম মেকারফিল্ডের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার স্টারমারের পদত্যাগ দাবি করেন বিলিংটন।
তিনি বলেন, আমি জানি লেবার পার্টিকে পরিবর্তনের জন্য তিনি যে প্রচেষ্টা করেছিলেন, তা না থাকলে আমি কখনোই এমপি হতে পারতাম না। ২০২৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি দলকে বদলে দিয়েছিলেন এবং তার প্রচেষ্টার ফলেই আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। তবে তিনি বলেন, শুধু নির্বাচনে জয়ী হওয়াই যথেষ্ট নয়। বিষয়টি হলো, আপনি জনগণের কাছে যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ভিত্তিতে দেশকে রূপান্তর করা। বিলিংটন বলেন, তিনি চান স্টারমার মর্যাদাপূর্ণ উপায়ে পদত্যাগের ঘোষণা দিন, যাতে কিছুটা হলেও স্থিতিশীলতা বজায় রাখা যায়।
