তীব্র পানি সংকট ও রাজনৈতিক অস্থিরতার মাঝে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এআরওয়াই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, যে মুহূর্তে আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা এবং পানি আমাদের জাতীয় নিরাপত্তারই অংশ হুমকির মুখে পড়ছে, আমরা অবশ্যই ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব। তিনি আরও দাবি করেন, ভারত যদি পানি সরবরাহ ব্যাহত করার চেষ্টা করে, তবে ইসলামাবাদ সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি ১৯৬০ সালের সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে। ভারতের স্পষ্ট অবস্থান হলো পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসী কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস না করা পর্যন্ত এই চুক্তি স্থগিতই থাকবে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুযায়ী ঐতিহাসিকভাবে পাকিস্তান সিন্ধু অববাহিকার ৮০ ভাগ পানি তাদের কৃষিকাজে ব্যবহারের অধিকার পেয়ে আসছিল। আসিফ ভারতের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং চেনাব নদীর পানি প্রবাহে কারচুপি করার অভিযোগ এনেছেন। পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এখন তীব্র জলসংকটে ভুগছে। সিন্ধুর সেচ বিভাগের সরকারি তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম খালে ৬৪.১ ভাগ, রাইস খালে ৩৮ ভাগ এবং দাদু খালে ৮২ ভাগ পানির ঘাটতি রয়েছে। গুরুত্বপূর্ণ সুক্কুর ব্যারেজের পানির স্তর ক্রমাগত হ্রাস পাওয়ায় স্থানীয় নেতারা সতর্ক করেছেন যে, পানি বণ্টন সমস্যার সমাধান করতে না পারলে পাকিস্তানে একটি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে।
