চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বিত তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার দুপুর আড়াইটার দিকে এনসিটির দক্ষিণ অংশের ৪ নম্বর বার্থে অবস্থানরত আরটিজি-৪০১৪ নম্বর ক্রেনে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ইউনিটও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন জানান, আরটিজি ক্রেনে আগুন লাগার পরপরই বন্দর ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয়। পরে অন্যান্য সংস্থার সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে বন্দরের ওই এলাকার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনালগুলোর একটি হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই টার্মিনালে একসঙ্গে পাঁচটি জাহাজ নোঙর করতে পারে। চারটি জেটিসমৃদ্ধ এ টার্মিনালের মাধ্যমে বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় অর্ধেক সম্পন্ন হয়। ২০০৭ সালে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটিতে পরবর্তীতে আধুনিকায়নের অংশ হিসেবে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে ১৪টি কিউ গ্যান্ট্রি ক্রেনসহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়।
