চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে মুক্তি দেয়া হয়েছে। সোমবার সকালে রাজধানীর মিন্টু রোডস্থ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আজ সকালে তার আত্মীয়ের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’
এর আগে রোববার বিকালে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে আটক করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে নেয়া হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোড ডিএমপির ডিবি কার্যালয়ে হস্তান্তর করে নারায়ণগঞ্জ পুলিশ।
অভিযোগ আছে, বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গ্রুপের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন খাইরুল। টাকা না দেয়ায় গাড়ি আটকে রাখা হয়। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেয় খাইরুল।
তবে এই ঘটনা জানাজানির পর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও দপ্তরের দায়িত্বে থাকা নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার অপকর্মের দায় দল নেবে না।

MD.Hafiz Uddin
২ ঘন্টা আগেMight is Right.