অদম্য সাহসিকতা আর উরুগুয়ের গোলকিপার ফার্নান্দো মুসলেরার এক মারাত্মক ভুলে হার্ড রক স্টেডিয়ামে আরেকবার বিশ্বফুটবলকে চমকে দিলো কেপ ভার্দে। ম্যাচের শুরু থেকে উরুগুয়ের একচেটিয়া আধিপত্য ও ৬৪ শতাংশ বল পজিশন থাকলেও, ২-২ গোলের মহাকাব্যিক ড্র নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি।
এই ড্রয়ের ফলে স্পেন ও উরুগুয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, কেপ ভার্দে ফুটবল ইতিহাসের অন্যতম বড় রেকর্ড গড়েছে। প্রতিযোগিতামূলক ম্যাচে কোনো বিশ্বকাপজয়ী দেশের কাছে তারা কখনোই হারেনি-সেই ধারা আজও অক্ষুণ্ন রাখলো তারা।
ম্যাচের ২১ মিনিটে কেভিন পিনার ফ্রি-কিক উরুগুয়ের ওয়ালের মাঝখান দিয়ে জালে জড়ালে লিড নেয় কেপ ভার্দে। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে রূপকথাই লেখে উরুগুয়ে। ৪৪ মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোল এবং প্রথমার্ধের ইনজুরি টাইমের শেষ মুহূর্তে (৪৫+৬ মিনিট) অগুস্তিন কানববিও ফাঁকায় বল পেয়ে ট্যাপ-ইনে গোল করেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে আসে ম্যাচের নাটকীয়তম মুহূর্ত। উরুগুয়ের ডিফেন্ডার অলিভেরার এক ভুল পাস এবং ৪০ বছর বয়সী অভিজ্ঞ কিপার মুসলেরার খামখেয়ালিভাবে লাইন ছেড়ে সামনে এগিয়ে আসার সুযোগ নেন বদলি নামা হেলিও ভারেলা। মুসলেরাকে বোকা বানিয়ে ফাঁকা পোস্টে নিখুঁত শটে বল জড়িয়ে কেপ ভার্দেকে সমতায় ফেরান তিনি। এর কিছুক্ষণ পর আরাউহো উরুগুয়ের হয়ে আবারও বল জালে জড়ালেও ভিএআর চেকে অফসাইডের কারণে তা বাতিল হয়।
শেষদিকে ভালভার্দের দুর্দান্ত এক ক্রস সতীর্থরা ছুঁতে ব্যর্থ হলে পয়েন্ট হারানোর আফসোস নিয়ে মাঠ ছাড়ে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।
