ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। গতকাল সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। সে মধুখালী উপজেলার পাড়াখোলা গ্রামের মির্জা ইসকান্দার হায়দারের পুত্র এবং ফরিদপুর আইন কলেজের ছাত্র।
নিহতের পরিবার জানায়, শনিবার বিকালে প্রান্তকে তার বাড়ির কাছ থেকে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল আটক করে। এ সময় তার কাছে মাদক ছিল জানিয়ে ডিবি পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে আসে। সকালে পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে।
নিহতের মা মির্জা খাদিজা আক্তার নিপার অভিযোগ, প্রান্তকে বেধড়ক মারপিট করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, পুলিশ মাদকসহ প্রান্তকে আটক করে নিয়ে আসে। সকালে অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মৃত্যু হয় প্রান্তের। তিনি জানান, শারীরিকভাবে আঘাতের কোনো চিহ্ন তার শরীর নেই। তবে সে কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। প্রান্তের বিরুদ্ধে মাদক আইনে দু’টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
