বাবা জীবিত থাকা অবস্থায় তাকে শহীদ মুক্তিযোদ্ধা দাবি করে সংসদ অধিবেশনে বক্তব্য দেন নীলফামারী-৪ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিম। রোববার অধিবেশন চলাকালে তার বক্তব্যের জন্য ভুল স্বীকার করায় বিষয়টি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে স্পিকার এই কথা জানান। সংসদের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করেন স্পিকার।
পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে সরকার দলীয় এক সংসদ সদস্য বলেন, গত ১৪ই জুন নীলফামারী-৪ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিম বাজেটের উপর আলোচনা করতে গিয়ে উনি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন, যেটা অসত্য। উনার পিতা এখনো জীবিত আছেন। এটা সংসদ কার্যবিবরণীতে এই বিষয়টা অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই অসত্য বিবৃতিটি এক্সপাঞ্জ করার জন্য আমি আপনার (স্পিকার) কাছে সবিনয় নিবেদন করছি। এ সময় স্পিকার বলেন, এটা তো পয়েন্ট অব অর্ডার হলো না। কিন্তু যে সদস্যের কথা আপনি বলছেন, তিনি আমার চেম্বারে এসে বক্তব্যের পর সেদিনই আমার সঙ্গে দেখা করেছেন। এবং বলেছেন যে, ভুলক্রমে তার মুখ থেকে এটা বেরিয়ে এসেছে। তার পিতা এখনো জীবিত আছেন। তিনি আমাকে জানিয়েছেন। এ বিষয়টি পত্র-পত্রিকাতেও এসেছে। এবং তিনি নিজেও বক্তব্য দিয়ে তার ভুল স্বীকার করেছেন। এটা সিøপ অব টাং বা অনিচ্ছাকৃত একটি ভুল। সুতরাং এটিকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।
