সুবিধাবঞ্চিত শিশুদের ‘অন্যরকম একদিন’ উপহার দিলো লিডো

সুবিধাবঞ্চিত শিশুদের ‘অন্যরকম একদিন’ উপহার দিলো লিডো

ফন্ট সাইজ:

যে শিশুদের প্রতিদিনের বাস্তবতা বেঁচে থাকার নির্মম লড়াই, তাদেরকেই একটি বিশেষ দিন উপহার দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডো’। রোববার ঢাকার তেজগাঁও রেলস্টেশনের খেলাঘর সমাজকল্যাণ সংঘে পথশিশুদের জন্য ‘লোকসঙ্গীত ও স্বাস্থ্যসেবা ক্যাম্প’ আয়োজন করে লিডো। যেখানে ছিলো সুরের ধ্বনি আর চিকিৎসকদের পরম মমতা।

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে বাল্যবিবাহ, শিশু নির্যাতন প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই ব্যতিক্রমী আয়োজন। বাংলাদেশে বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের চিত্র আশঙ্কাজনক। ইউনিসেফের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৫১ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় ১৮ বছর হওয়ার আগেই। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর ২০২৪-২৫ সালের পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছর গড়ে ১,০০০ এর বেশি শিশু বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়, যার একটি বড় অংশই রাজধানীর ভাসমান ও পথশিশু। এই বাস্তবতার বিরুদ্ধে আলো ছড়াতেই লিডোর এই আয়োজন।
আয়োজনে শতাধিক শিশুর মাঝে প্রথমে গল্পের ছলে শিশুদের অধিকার ও সুরক্ষার বার্তা দেয়া হয়। এরপর মঞ্চে ওঠেন লিডোর লোকসঙ্গীত শিশুশিল্পীরা। ঢোল আর দোতারার সুরে সুরে অতি সহজ ভাষায় গান গেয়ে শিশুদের শেখানো হলো বাল্যবিবাহের কুফল ও আত্মরক্ষার উপায়। গানের পাশাপাশি আয়োজনের ছিলো স্বাস্থ্যসেবা ক্যাম্প। অপুষ্টি ও চর্মরোগে ভুগতে থাকা শতাধিক পথশিশুকে অভিজ্ঞ চিকিৎসকেরা পরম যত্নে পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে কেবল আইন নয়, সংস্কৃতির মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। লিডোর পক্ষ থেকে পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের এই টেকসই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানানো হয়। অনুষ্ঠানে লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ফরহাদ হোসেন ভার্চুয়ালী যোগ দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন