ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন অভিযোগ করে রিজভী বলেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপি ইতিমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে এনেছে।
দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না মন্তব্য করে তিনি বলেন, বিরোধীদের অপপ্রচার ও উস্কানিতে কান না দিয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সরকারের অর্জন তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এটি সরকারের সঠিক নীতির প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।
কর্মসূচিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওদিকে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট: স্বরূপ সন্ধান’ শীর্ষক এক সেমিনারে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। সাম্রাজ্যবাদী শক্তির এই চক্রান্তের মাধ্যমে ভাষার মূল রূপ বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে যত চক্রান্তই হোক না কেন, এ দেশের মানুষের ভেতরেই যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিরোধের ক্ষমতা রয়েছে।
তিনি বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতির মধ্যে পরিকল্পিতভাবে কিছু নতুন শব্দ ঢুকিয়ে দেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চর্চিত ও ব্যবহৃত শব্দগুলোকে বাদ দিয়ে নতুন নতুন রূপ চাপিয়ে দেয়াটা সাম্রাজ্যবাদী তৎপরতারই অংশ। খুন আর রক্ত কিংবা লাশের মতো সুপ্রতিষ্ঠিত শব্দগুলোর বদলে অন্য শব্দ বসানোর সূক্ষ্ম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই জাতির সংগ্রামের ইতিহাস আছে, ভাষার জন্য রক্ত দেয়ার ইতিহাস আছে। ফলে যেকোনো সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করার এক অদৃশ্য অভ্যন্তরীণ ক্ষমতা এই জনগোষ্ঠীর রক্তে রয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি ও বিএনপি’র প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী
স্টাফ রিপোর্টার
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
