নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি’র জনপ্রতিনিধি ও প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ৫টি নির্দিষ্ট শর্তকে গুরুত্ব দেয়া হবে। শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাসিক প্রশাসক বলেন, স্থানীয় নির্বাচনগুলোতে জনপ্রতিনিধি বা প্রার্থী নির্বাচনে ১৫ বছর মাঠে-রাজপথে থেকে বিএনপি’র রাজনীতি করেছেন, জেল-জুলুম, নির্যাতন ও মামলা-মোকদ্দমার শিকার হয়েছেন, নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থেকেছেন, স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এবং যাদের বিরুদ্ধে মাদক বা চাঁদাবাজির কোনো অভিযোগ কিংবা মামলা নেই- এই পাঁচটি শর্তের ভিত্তিতেই প্রার্থিতা দেবেন। তিনি বলেন, ৫ই আগস্টের পর হঠাৎ করে বড় বিএনপি নেতা বনে যাওয়া ব্যক্তিদের মূল্যায়ন করা হবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।
সুবিধাবাদীদের ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, কোনো সুবিধাবাদীকে সুযোগ দেয়া যাবে না এবং তাদের ভোটও দেয়া যাবে না। আগামী স্থানীয় নির্বাচনগুলোতে বিএনপি’র এমন প্রার্থীকে নির্বাচিত করতে হবে, যিনি এলাকার উন্নয়নের স্বার্থে জেলার নেতা ও মন্ত্রীদের কাছে জোরালোভাবে দাবি উত্থাপন করতে পারবেন এবং নিজ এলাকার জন্য উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করতে সক্ষম হবেন। দলীয় শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যারা অতীতে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের পরিণতি সবাই দেখেছে। আজ তাদের রাজনৈতিক অস্তিত্ব নেই। দলের বাইরে থেকে দলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে- এমন ব্যক্তিদের আর মূল্যায়ন করা হবে না। মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
