আগস্টেই ঢাকা পাবনা রুটে ট্রেন

আগস্টেই ঢাকা পাবনা রুটে ট্রেন

ফন্ট সাইজ:

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে পাবনাবাসীর। আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। তিনি বলেছেন, এ রুটে চলাচলের জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী মাসে নতুন কোচ হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে ট্রেন চালু করা হবে। একইসঙ্গে দেশের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মানের সমন্বিত (মাল্টি-মোডাল) যোগাযোগ ব্যবস্থা চালুর কথাও জানান তিনি। শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পরিবহন খাতকে আর বিশৃঙ্খলার মধ্যে রাখা হবে না।

মালিক ও শ্রমিকদের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং অংশীদার হিসেবে সঙ্গে নিয়ে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর স্বার্থ নয়, সরকারের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। তিনি বলেন, সড়ক, রেল ও নৌপথকে একীভূত করে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এতে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে। খুব অল্প সময়ের মধ্যেই এর বাস্তব অগ্রগতি দৃশ্যমান হবে। ঢাকা-পাবনা সরাসরি ট্রেন প্রসঙ্গে মন্ত্রী বলেন, লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। নতুন কোচ পেলেই আগামী আগস্টের মধ্যে ট্রেন চালুর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

তিনি আরও জানান, রাজধানীর সঙ্গে পাবনাসহ উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ করতে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এর আগে মন্ত্রী শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে যোগ দেন। সন্ধ্যায় তিনি পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন