সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরাতে তার মামলার সমস্ত কাগজপত্রসহ ১৪৪ পাতার নথি দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। দেশটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই বেনজীর আহমেদকে ফেরত দেয়ার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুবাই থেকে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা সহজ হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে মনে করার বিষয় নয়, দেখার বিষয়। আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত গতিতে কাজ করছে। ১২ই জুন ফেডারেল পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে আমাদের এনসিবিকে ই-মেইলে জানানো হয়েছে বেনজীর আহমেদকে তারা গ্রেপ্তার করেছে। আমাদের জারি করা রেড নোটিশের মাধ্যমে তারা বেনজীর আহমদকে গ্রেপ্তার করে। আমি সেদিন বিকালেই জাতীয় সংসদে জাতিকে অবহিত করেছি। সেখানে বলেছি ই-মেইলে তারা অনুরোধ করেছে ৩০ দিনের মধ্যে যেন আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেই বেনজীরকে দেশে ফিরিয়ে আনার জন্য। আমরা ৩০ দিন নয় তার পরের দিনই কাগজপত্র পাঠিয়েছি। ওয়ারেন্ট, মামলার বিবরণীসহ অনেক কাগজ দেয়া হয়েছে। সেটা আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশ অফিসাররা সেদিন রাত ৯টা পর্যন্ত ১৪৪ পাতার কাগজপত্র তৈরির কাজ করেছে। রাত ১০টার সময় সংসদে বসে সেটি আমি সই করি। সেদিনই কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় দুবাইয়ে পাঠিয়েছে। সেদিন পররাষ্ট্রমন্ত্রীকে আনঅফিসিয়াল কপি দিয়েছি। পরদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অফিসিয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে হস্তান্তর করে। ওইদিন বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় আরবিতে ট্রান্সলেট করে ডিপ্লোমেটিক ব্যাগে করে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে এবং লোকাল ইউএই অ্যাম্বাসিকে জানানো হয়েছে। আশা করি ইউএই সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই বেনজীর আহমেদকে ফেরত দেয়ার ব্যবস্থা করবে।
বেনজীর আহমেদের বিষয়ে কাগজপত্র পাঠানোর পরে এনসিবি কোনো উত্তর দিয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা এখনো কিছু পাঠায়নি। তাদের দেশের আইন অনুসারে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া আছে। শুক্র-শনিবার সেই দেশে হলিডে। রোববার আমরা অফিসিয়ালি খোঁজ নেবো।
দুবাইয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে কিনা এবং কোন প্রক্রিয়ায় বেনজীর আহমেদকে ফেরত আনা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিবি ও ইউএই ফেডারেল পুলিশ ডিপার্টমেন্ট আমাদের ই-মেইলে অনুরোধ করেছে ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে। চুক্তি থাকুক আর না থাকুক ইউএন চার্টার অনুসারে আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ। সেখানে তারাও (ইউএই) সই করেছে। ইউএই’র সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকুয়েস্ট (এমএলএআর) চুক্তি রয়েছে। এই প্রক্রিয়ায় বেনজীর আহমেদকে ফেরত আনার ক্ষেত্রে কোনো জটিলতা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি মনে করি না জটিল হবে।
এর আগে ১২ই জুন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হন। ১৪ই জুন তাকে গ্রেপ্তারের কথা সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২০২৪ সালের ৪ঠা মে স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে আইজিপি’র দায়িত্ব পান। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।
পুরস্কার পেলেন ১৫ পুলিশ সদস্য: এদিকে কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ চারটি বিশেষ ঘটনায় বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানী প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব পুরস্কার প্রদান করেন। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং মানবিক দায়িত্ব পালনে পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের ভালো কাজকে উৎসাহিত করতেই এ ধরনের স্বীকৃতি দেয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত চারটি ঘটনার মধ্যে রয়েছে- জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের উদ্যোগ, আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারী গ্রেপ্তারে সাহসিকতা, আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং চকরিয়ার আলোচিত ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার।
পুরস্কার পেলেন হামলার শিকার ওসি-এসআই: গত ১৬ই জুন রাজধানীর আদাবর থানার মফিজবাগ এলাকায় বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার শিকার হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ-পরিদর্শক (এসআই)। পুলিশের পাল্টা অভিযানে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধসহ মোট চারজন আটক হয়। এ ঘটনায় সাহসিকতার স্বীকৃতি হিসেবে আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ ছয় পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
ড্রেনের মুখের ময়লা-আবর্জনা পরিষ্কার: গত ১০ই জুন রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের লুপ-টু অংশে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলে ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের কনস্টেবল মো. কামরুজ্জামান নিজ হাতে ড্রেনের মুখের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়। এ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’, অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র দেয়া হয়।
মা-মেয়েকে হত্যার ঘটনা উদ্ঘাটন: চট্টগ্রামের আনোয়ারার চেনামতি এলাকায় মা ও মেয়েকে হত্যার চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন করে মূল আসামি রিমন বড়ুয়াকে গ্রেপ্তার করায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানার চার সদস্যকে সম্মাননা দেয়া হয়। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, এসআই শিমুল চন্দ্র দাস, এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা এবং কনস্টেবল মো. রিমন হোসেন।
মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণে সাত আসামি গ্রেপ্তার: অন্যদিকে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করায় মাতামুহুরী তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে রয়েছেন- পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মো. মাসুদ, এএসআই সজীব দাস, কনস্টেবল মাহফুজুর রহমান এবং কনস্টেবল হেফাজত হোসেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
