সিডনির গরম মানিয়ে নেয়ার লড়াই আনিকার

সিডনির গরম মানিয়ে নেয়ার লড়াই আনিকার

ফন্ট সাইজ:

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় আছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত বৃহস্পতিবার রাতে দেশ ছাড়ার পর শুক্রবার সিডনিতে পৌঁছান আফঈদা-মনিকারারা। সেখানে গিয়ে তীব্র গরমের চ্যালেঞ্জে পড়েছেন বাংলাদেশের ফুটবলাররা। সিডনির ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও প্রখর রোদে শনিবার টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে পিটার বাটলারের শিষ্যরা। দলের বেশির ভাগ খেলোয়াড়ের জন্যই এই আবহাওয়া মানিয়ে নেয়া কঠিন হয়ে উঠেছে। তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছেন সুইডেনপ্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। ইউরোপে শীতপ্রধান দেশে বেড়ে ওঠা ২১ বছর বয়সী এই ফুটবলারের জন্য সিডনির গরম নতুন অভিজ্ঞতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো এক ভিডিও বার্তায় আনিকা বলেন, ‘সত্যি বলতে আবহাওয়া নিয়ে কিছুটা কষ্ট হচ্ছে। এখনও মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমার কাছে বাংলাদেশের চেয়েও এখানে বেশি গরম মনে হচ্ছে।’ তবে প্রতিকূল পরিস্থিতি তাকে দমাতে পারেনি। অনুশীলনের পাশাপাশি দলের সঙ্গে সময় কাটানো উপভোগ করছেন তিনি। আফঈদা খন্দকার ও ঋতুপর্ণাদের

সঙ্গে টিম বন্ডিং নিয়ে আনিকা বলেন, ‘আমি আবারও আফঈদার সঙ্গেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব মজা করছি। আর... হ্যাঁ, দলের সবার মধ্যকার বোঝাপড়া বা বন্ডিং আরও ভালো হচ্ছে।’
ভ্রমণ ক্লান্তি কাটিয়ে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে নিয়মিত অনুশীলন করছে বাংলাদেশ দল। আগামী ২৫শে ফেব্রুয়ারি বিকাল ৪টায় এই মাঠে ওয়ান্ডার্স নারী ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে মেয়েরা। প্রীতি ম্যাচ খেলার পর ২৭শে ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত অফিশিয়াল হোটেলে উঠবে বাংলাদেশ নারী ফুটবল দল।
এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিত হবে। আগামী ১লা মার্চ থেকে ২১শে মার্চ পর্যন্ত হতে যাওয়া টুর্নামেন্টের বি গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী চীন, কোরিয়া ও উজবেকিস্তান। ৩রা মার্চ উদ্বোধনী ম্যাচে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ই মার্চ উত্তর কোরিয়া এবং ৯ই মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন