রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে ‘অটো সজল’ (৩১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) ও মোছা. শামসুন্নাহার (৪৫)। অভিযানে তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অটো সজলকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বামীবাগের একটি ভাড়া বাসায় অস্ত্র ও মাদক মজুত রাখার কথা স্বীকার করেন।
পরে সেখানে অভিযান চালিয়ে দু’টি ‘ঞঅটজটঝ’ ব্র্যান্ডের পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন এবং হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম মেডি, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ নগদ টাকাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ২রা মার্চ সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক পরিদর্শক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এই অটো সজলের নাম উঠে আসে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম আরও বলেন, অটো সজল দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ ও মাদক কারবারের সঙ্গে জড়িত। সজল পেশায় একটি পরিবহনের হেলপার হলেও আড়ালে তিনি এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপি’র এ কর্মকর্তা।
