পল্টনের আবাসিক হোটেল থেকে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর পল্টনে আবাসিক হোটেল রমনা থেকে মো. আল-আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গ্রামের বাড়ি ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকায়। এই ঘটনায় সাগরিকা নামে এক তরুণী থানায় আটক রয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত নিয়ে এলে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হোটেলের বয় মোহম্মদ হানিফ বলেন, মো. আল-আমিন (সৌদি প্রবাসী) শুক্রবার সকালে গুলিস্তানের ৪৫ বঙ্গবন্ধু এভিনিউ রমনা ভবনের হোটেল রমনার ৯ তলার ৯২৩ নম্বর কক্ষ ভাড়া নেয়। পরে আমরা জানতে পারি সৌদিতে থাকাকালীন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের সবুর শেখের মেয়ে এবং গাজীপুর নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগরিকা আক্তার (২২)-এর সঙ্গে তার পরিচয় হয়। বিগত ৬ মাস ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। শুক্রবার আল-আমিন দেশে ফিরে সাগরিকার সঙ্গে দেখা করার জন্য হোটেল রমনার ওই কক্ষে ওঠেন। ওই তরুণীর দাবি, আল-আমিন ওয়াশরুমে যাওয়ার পর হঠাৎ পরে যাওয়ার শব্দ শুনতে পান। পরে গিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা অবস্থায় আল-আমিন মেঝেতে পড়ে আছে।
পরে তার চিৎকারে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় ওই তরুণীকে পল্টন থানায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন