শিবচরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা

শিবচরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা

ফন্ট সাইজ:

‘মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ি-নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি’ এই স্লোগানকে সামনে রেখে বন্দরখোলা ইউনিয়ন সচেতন নাগরিকদের উদ্যোগে মাদারীপুরের শিবচরে বন্দরখোলা ইউনিয়নে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা এবং যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম হাওলাদার (দিপু) উপস্থিত ছিলেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান। সার্বিক সহযোগিতায় ছিলেন বন্দরখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মীর, বন্দরখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নুরুল আমিন মাদবর ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান।

উপস্থিত বক্তারা বলেন, ‘ক্যান্সার যেমন জীবন শেষ করে দেয় তেমনি মাদক এমন একটি ঘাতক যা সেবনকারীকে তো শেষ করেই সাথে তার পরিবারকেও। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আর যেন কোন যুবক মাদকাসক্ত না হয়। এর জন্য প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের মেম্বার ও গ্রাম পুলিশ নিয়ে কমিটি গঠন করে মাদক সেবনকারী ও বিক্রেতাকে সর্তক করতে হবে। কোন স্থানে মাদকসেবনকারী ও মাদক বিক্রেতার সন্ধান পেলে সাথে সাথে থানায় অবগত করতে হবে। একটি কথা মনে রাখবেন কখনোই আইন নিজের হাতে তুলে নিবেন না।’ আলোচনা সভায় প্রবীন, নবীন ও যুবক সমাজসহ শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন