পাকিস্তানে অতর্কিত হামলা চালানোর দাবি আফগানিস্তানের

পাকিস্তানে অতর্কিত হামলা চালানোর দাবি আফগানিস্তানের

ফন্ট সাইজ:

পাকিস্তানের দুইটি প্রদেশে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা পাকিস্তানের ভেতরে সশস্ত্র গোষ্ঠী ও ‘শত্রুভাবাপন্ন গোয়েন্দা চক্রের’ ব্যবহৃত আস্তানায় হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

শুক্রবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে হামলা বৃহস্পতিবার চালানো হয়েছে। কাবুলের দাবি, সর্বশেষ এই হামলার লক্ষ্যবস্তু ছিল এমন কিছু ঘাঁটি, যেগুলো সীমান্ত পার হয়ে হামলা চালানো গোষ্ঠীগুলো ব্যবহার করছিল।

দেশটির মন্ত্রণালয়ের দাবি, এসব ঘাঁটি আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সংগঠনের কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে সরাসরি কোনো রাষ্ট্রীয় সংস্থার নাম উল্লেখ না করলেও আফগানিস্তান তাদের বক্তব্যে ‘শত্রুভাবাপন্ন গোয়েন্দা চক্রকে’ লক্ষ্য করেছে, যা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তবে আফগানিস্তান এই হামলা কীভাবে চালিয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় তালেবানের এই দাবি অস্বীকার করে বলেছে, আফগানিস্তান থেকে আসা একটি ‘প্রাথমিক মানের ড্রোন’ আকাশসীমায় প্রবেশ করেছিল। সঙ্গে সঙ্গেই সেটি শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাক মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের দাবিগুলো বরাবরের মতোই মিথ্যা। সন্ত্রাসী শিবিরগুলো- প্রকৃতপক্ষে আফগান তালেবান শাসনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের ভেতরে অবস্থিত, সেখানেই পরিচালিত হয় এবং পৃষ্ঠপোষকতা লাভ করে।

আল জাজিরা জানিয়েছে, এই ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি আবারও চাপের মুখে পড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশ দুইটি বেশ কয়েকবার পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে। এতে শত শত মানুষ নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নেতৃত্বাধীন মধ্যস্থতাকারীরা এখন পর্যন্ত দেশ দুইটির মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি সম্পাদনে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ হামলার ঘটনায় দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আবারও চরম উত্তেজনার দিকে যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন