সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে আওয়ামী লীগ নেতার বেকারি

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে আওয়ামী লীগ নেতার বেকারি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে একটি বেকারি পরিচালনার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা জসিম চৌধুরীর বিরুদ্ধে। স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগের ভিত্তিতে গত রোববার বিকালে সরজমিন দেখা যায়, কদমরসুল বাজারের পূর্ব পাশে সাইনবোর্ডবিহীন একটি কাঁচা ঘরে কেক, বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। ভেতরে স্যাঁতসেঁতে মাটির উপর তন্দুর থেকে নামানো কেক-বিস্কুটের ট্রে রাখা ছিল। ময়দাভর্তি বালতিতে মাছির উপদ্রবসহ চারদিকে অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যায়। বেকারির ম্যানেজার পরিচয়দানকারী আলমগীর জানান, বেকারিটির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা জসিম চৌধুরী। তিনি পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে বলে দাবি করলেও এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তবে তিনি ইউনিয়ন পরিষদের একটি ট্রেড লাইসেন্স প্রদর্শন করেন। এ বিষয়ে চট্টগ্রাম বিএসটিআইয়ের কর্মকর্তা রিগ্যান বৈদ্য বলেন, আমরা ওই প্রতিষ্ঠানকে কোনো অনুমোদন দেইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, বেকারিটি এক দশকেরও বেশি সময় ধরে এভাবে পরিচালিত হচ্ছে। প্রশাসনিক অভিযানের আশঙ্কায় দিনের অধিকাংশ সময় বন্ধ রেখে বিকালে বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করা হয়। বর্তমানে পলাতক থাকা জসিম চৌধুরীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন