বরিশালে বাড়ছে এইডস সংক্রমণ, চিকিৎসাধীন ১৮৫

ফন্ট সাইজ:

বরিশালে বাড়ছে এইডস সংক্রমণ। শুধু বরিশাল সিটি করপোরেশন এলাকায় এইডস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে প্রায় চার হাজার মানুষ। চিকিৎসাধীন রয়েছে ১৮৫জন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে রয়েছেÑ নারী যৌনকর্মী, সমকামী ব্যক্তি (এমএসএম) এবং মাদকসেবী। গত বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার কক্ষে ‘এইচআইভি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার এবং নৈতিক স্বাস্থ্য’ শীর্ষক কর্মশালায় এ তথ্য উপস্থাপন করা হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাশরুর বিন আজাদ। তিনি জানান, বরিশাল সিটি করপোরেশন এলাকায় অন্তত ৩ হাজার ৭০৭ জন এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। এর মধ্যে নারী যৌনকর্মী ১ হাজার ৫০৬ জন, সমকামী যৌনসম্পর্ককারী ব্যক্তি (এমএসএম) এক হাজার ৪৩৬ জন এবং মাদকসেবী ৭৬৫ জন। তিনি আরও জানান, বর্তমানে বরিশাল বিভাগে মোট ২০৫ জন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন মারা গেছেন এবং চারজন অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছেন। বর্তমানে ১৮৫ জন নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন। ডা. মাশরুর বলেন, অনেকের ধারণা এইডস মানেই মৃত্যু। কিন্তু আধুনিক চিকিৎসার মাধ্যমে আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করতে পারেন। নিয়মিত চিকিৎসা গ্রহণের ফলে শরীরে এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) ভাইরাসের মাত্রা এমন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব, যেখানে সংক্রমণের ঝুঁকি কার্যত থাকে না। এ অবস্থায় আক্রান্ত ব্যক্তি বিয়ে করতে এবং সন্তান গ্রহণ করতেও সক্ষম হন। তিনি বলেন, সমাজে এইচআইভি নিয়ে এখনো নানা ভুল ধারণা ও আতঙ্ক রয়েছে। অনেকেই মনে করেন আক্রান্ত ব্যক্তির স্পর্শে রোগটি ছড়িয়ে পড়ে। বাস্তবে এইচআইভি সাধারণ স্পর্শ, একসঙ্গে বসবাস বা খাবার গ্রহণের মাধ্যমে ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির রক্ত অন্যের শরীরে প্রবেশ করলে কিংবা অনিরাপদ যৌনসম্পর্কের মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেনÑ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ কে এম নাজমুল আহসান, চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামরুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন