মালাক্কা প্রণালিতে ৩০ বিলিয়ন ডলারের ল্যান্ড ব্রিজ বানাচ্ছে থাইল্যান্ড

মালাক্কা প্রণালিতে ৩০ বিলিয়ন ডলারের ল্যান্ড ব্রিজ বানাচ্ছে থাইল্যান্ড

ফন্ট সাইজ:

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা থাইল্যান্ডের উচ্চাভিলাষী ৩০ বিলিয়ন ডলারের ল্যান্ড ব্রিজ প্রকল্পটি সরকার পুনরায় সামনে এনেছে। দেশটির আন্দামান উপকূলের রনং এবং থাইল্যান্ড উপসাগরের চুম্পন বন্দরকে সংযুক্ত করে একটি আধুনিক লজিস্টিক করিডোর নির্মাণের লক্ষ্য নেয়া হয়েছে। এই প্রকল্পটি মূলত মালাক্কা প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে বিশ্ব বাণিজ্যের একটি শক্তিশালী বিকল্প রুট হিসেবে কাজ করবে। এক্সক্লুসিভ এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক পথগুলো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই ধরনের বিকল্প রুটের প্রয়োজনীয়তা বিশ্বজুড়ে নতুন করে অনুভূত হচ্ছে। এই ল্যান্ড ব্রিজ প্রকল্পটি বাস্তবায়িত হলে পণ্যবাহী জাহাজগুলোকে আর মালয় উপদ্বীপ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না।
এই করিডোর ব্যবহার করলে পণ্য পরিবহণের সময় প্রায় ১৪ দিন পর্যন্ত কমতে পারে এবং লজিস্টিক খরচ প্রায় ৩০ শতাংশ হ্রাস পেতে পারে।

বর্তমানে প্রকল্পটি নানা ধরনের চ্যালেঞ্জ ও বিতর্কের মুখে রয়েছে। প্রকল্পের বিশাল ব্যয় মেটানোর জন্য এখন পর্যন্ত বড় কোনো আন্তর্জাতিক বিনিয়োগকারী পাওয়া যায়নি।

এর পাশাপাশি স্থানীয় মৎস্যজীবী ও কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়ায় তারা এই প্রকল্পের তীব্র বিরোধিতা করছেন। পরিবেশ ও স্বাস্থ্যগত প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি তথ্যের অসামঞ্জস্যতা মেগা-প্রকল্পটির ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছে রয়টার্স।

থাইল্যান্ড সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, আগের তুলনায় বর্তমান প্রকল্পটি অনেক বেশি পরিমার্জিত। পেট্রোকেমিক্যাল বা ভারী শিল্প স্থাপনের পরিকল্পনার বদলে এবার কেবল বন্দর ও পরিবহন অবকাঠামো নির্মাণের দিকে নজর দেয়া হয়েছে, যাতে জনসমর্থন পাওয়া সহজ হয়। প্রকল্পটি বর্তমানে একটি প্যানেল কর্তৃক পর্যালোচনার অপেক্ষায় রয়েছে এবং জুলাই মাসের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন