প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা ৩০ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা ৩০ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় প্রায় ৩০ বছর আগে প্রকাশ্যে সংঘটিত একটি হত্যা মামলার প্রধান আসামি আবু হানিফ তালুকদার (৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার বিকালে নেত্রকোণা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আবু হানিফ তালুকদার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের মৃত আব্দুল মমিন তালুকদারের ছেলে। নিহত সাখাতুর রহমান একই গ্রামের মৃত খুর্শেদ উদ্দিন তালুকদারের ছেলে।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নির্বাচন সংক্রান্ত প্রভাব ও বল্লী গ্রামে দুই বস্তা ধান ও কাপড় চুরির ঘটনাকে কেন্দ্র করে ১৯৯৭ সালের ১৪ই মে বিকালে আবু হানিফ তালুকদার তার বাবার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করে সাখাতুর রহমান (৩০)কে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় নিহত সাখাতুর রহমানের চাচাতো ভাই আফতাব উদ্দিন তালুকদার বাদী হয়ে ১৯৯৭ সালের ১৫ই মে খালিয়াজুরী থানায় আবু হানিফ তালুকদারসহ ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী আফতাব উদ্দিন তালুকদার জানান, মামলা দায়েরের পর আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তদন্তের সময় চারজন আসামিকে চার্জশিট থেকে বাদ দেয়া হলে তিনি এর বিরুদ্ধে নারাজি আবেদন করেন। নিম্ন্ন আদালত তা গ্রহণ না করায় তিনি জেলা জজ আদালতে আবেদন করেন। পরে আদালত পুনঃতদন্তের নির্দেশ দিলেও তদন্তে আবারো ওই চারজনকে বাদ দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। আফতাব উদ্দিনের দাবি, পরবর্তীতে দায়রা জজ আদালত প্রকাশ্যে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় কোনো আসামিকে বাদ না দেয়ার নির্দেশ দিলেও আসামিপক্ষ একাধিকবার স্থগিতাদেশ নিয়ে বিচার কার্যক্রম দীর্ঘায়িত করে।

অবশেষে ২০২৪ সালের ৫ই আগস্টের পর স্থগিতাদেশ প্রত্যাহার হলে আদালত আসামিদের বিরুদ্ধে সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর ধারাবাহিকতায় গত বুধবার বিকালে নেত্রকোণা শহর থেকে মামলার প্রধান আসামি আবু হানিফ তালুকদারকে গ্রেপ্তার করে খালিয়াজুরী থানা পুলিশ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রধান আসামির গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী আফতাব উদ্দিন তালুকদার বলেন, প্রায় তিন দশক ধরে বিচার পাওয়ার জন্য লড়াই করেছি। প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। আদালতের কাছে প্রত্যাশা, প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। ওসি নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তার আবু হানিফ তালুকদারকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার আরও কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন