হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় দিনদিন বেড়ে চলেছে চোর ও মাদকসেবীদের উৎপাত। রাত গভীর হলেই বিভিন্ন সড়ক, রেলওয়ে এলাকা, বাজারের অলিগলি ও নির্জন স্থানে মাদকসেবীদের প্রকাশ্য আনাগোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, মাদকাসক্তদের দৌরাত্ম্যের সঙ্গে সঙ্গে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন এলাকায় রাতে অপরিচিত যুবকদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। অনেকেই প্রকাশ্যে মাদক সেবন করে দলবদ্ধভাবে আড্ডা দেয়।
এসব মাদকসেবীদের কারণে বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা বেড়েই চলেছে। পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাত নামলেই কিছু নির্দিষ্ট স্থানে মাদকসেবীদের জমায়েত দেখা যায়। এতে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের চলাচলেও ভীতি তৈরি হয়েছে। ব্যবসায়ীরাও রয়েছেন চরম উৎকণ্ঠায়। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং মাদকসেবী ও চোরচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা প্রয়োজন। স্থানীয় সচেতন মহল বলছেন, মাদকের বিস্তার শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, তরুণ সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পৌরবাসীর দাবি, শায়েস্তাগঞ্জকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, সন্দেহভাজনদের ওপর নজরদারি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
