কিশোরগঞ্জে ছেলের মারপিটে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামের এ ঘটনায় বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর থানায় ছেলে মো. আলম (৩৫) ও তার স্ত্রী রেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগম লিখিত অভিযোগটি দিয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক একই ইউনিয়নের বড়খাপন গ্রামের বাসিন্দা ছিলেন। কয়েক বছর আগে তিনি চৌধুরীহাটি গ্রামে একটি বাড়ি কিনে সেখানে সপরিবারে বসবাস করে আসছিলেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলম ও তাঁর স্ত্রী রেখা বেগম পলাতক রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকালে গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে আনে আলম। সেই কাঁঠাল বাবা-মা’কে না দেয়ায় আব্দুর রাজ্জাক ও তার দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগমের সঙ্গে বড় ছেলে মো. আলম ও পুত্রবধূ রেখার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আলম তার বাবাকে কিল-ঘুষি মারে। এতে আব্দুর রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
