এবার নতুন আলোচনায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিদেশ থেকে অবৈধভাবে মদ আনার সময় বিমানবন্দরে ধরা পড়েছিলেন এই অভিনেত্রী। এ সময় সঙ্গে ছিলেন তার স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। কিন্তু রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেন। গত দুইদিনে এমন খবর প্রকাশ হয়েছে দেশের একাধিক সংবাদমাধ্যমে। খবরটি ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা চলছে মেহজাবীনকে নিয়ে। তবে এ নিয়ে অভিনেত্রী শুরুতে মুখ খোলেননি। ফলে বিষয়টি আরও চর্চায় রূপ নেয়। তবে গতকাল দুপুরে মেহজাবীন চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে মুখ খুলেছেন। এতে তিনি বলেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক ব্যবহারের বিষয়টি উল্লেখ করে মেহজাবীন বলেন, সাম্প্রতিক সময়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ও ভিডিও’র কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে; যা একেবারেই কাম্য নয়। তার কথায়, নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে- তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি, আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।
‘আমার মানহানির চেষ্টা করা হচ্ছে’
স্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
