ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। শনিবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে ছবির ফার্স্ট অফিসিয়াল পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে নির্মাতা জানিয়েছেন, দেখা হচ্ছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে। অফিসিয়াল পোস্টারে একসঙ্গে দেখা গেছে চার অভিনেত্রীকে- চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। নায়কবিহীন এই সিনেমার পোস্টারের ভিজ্যুয়ালেই স্পষ্ট করে দেয়া হয়েছে, নারীকে কেন্দ্র করেই এগোবে এ সিনেমার গল্প। জানা গেছে, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে সিনেমায়। ছবিটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। ছবির অন্যতম ভূমিকায় রয়েছেন বুবলী। এর আগে বুবলী ও রায়হান রাফী একসঙ্গে কাজ করেছিলেন ‘৭ নাম্বার ফ্লোর’-এ। সেই ছবিতে বুবলীর অভিনয় ও চরিত্র নির্বাচন দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। বিরতির পর আবার এই জুটির একসঙ্গে কাজ করা নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন ছবি প্রসঙ্গে বুবলী নিজেও বেশ আশাবাদী। তিনি বলেন, গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে- এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।
ঈদে ‘প্রেশার কুকার’ নিয়ে বুবলী
স্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
