বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, জনগণের স্বার্থের জন্য বিএনপি’র সরকার যা যা করা দরকার, তাই করবে। নির্বাচনের পূর্বে তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বর্তমানে তা একে একে বাস্তবায়ন করতে শুরু করেছেন। অবহেলিত নারীদের মাসিক ভাতা দেয়ার জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু করেছেন। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ফ্যামিলি কার্ড দেয়া হবে। ইতিমধ্যে কৃষক কার্ড দেয়া হয়েছে। তিনি কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিয়েছেন।
গতকাল সকালে কেরানীগঞ্জে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণ করার জন্য জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি তিনি নতুন করে শুরু করেছেন। ‘একটু উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা’ এই সেøাগানকে সামনে রেখে দেশকে স্বনির্ভর করার জন্য তিনি বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছেন। এ সময় আমান উল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জে আমরা ১৭৬টি ব্রিজের সংস্কার কাজ করেছি। কেরানীগঞ্জে কোনো মাদক থাকতে পারবে না। ঘাটার চরে আমরা খুব শিগগিরই জুলাই শহীদ রিয়াজের নামে নির্মাণ করা ‘রিয়াজ চত্বর’ উদ্বোধন করবো। ইটাভারা সেতুর নাম পরিবর্তন করে নামকরণ করা হবে ‘মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন সেতু’। কেরানীগঞ্জকে আমরা শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑ কেরানীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আল-আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিবলীজ্জামান ও কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস প্রমুখ।
