মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্ট স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তি প্রকাশ করেছে। এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত আছে। তবে চুক্তি অমান্য করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার কাফার তেবনিত শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।
এতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া একই জেলার বেইত ইয়াহুনেও ইসরাইলি বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত দুইজন আহত হয়েছে বলে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা নিশ্চিত করেছে। এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে যেকোনো ধরনের হামলা এবং দেশটিতে ইসরাইলি বাহিনী অবস্থান করলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘন হবে।
এর জবাবে ইসরাইলে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও লেবাননের বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে চুক্তি ও হুমকি উপেক্ষা করে ফের লেবাননে হামলা চালালো ইসরাইলি বাহিনী।
