আলজেরিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফর্ম নিয়ে চিন্তিত না হলেও যুক্তরাষ্ট্রের দাবদাহ নিয়ে অস্বস্তিতে রয়েছেন। আর এ গরম থেকে বাঁচতে অভিনব এক প্রযুক্তি গ্রহণ করেছে আর্জেন্টিনা ম্যানজেম্যান্ট।
ক্যানসাসে বুধবারের অনুশীলনের সময় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র গরম সামলাতে আর্জেন্টিনা দল ব্যবহার করেছে বিশেষ ধরনের ‘কুলিং ভেস্ট’, যা মূলত ফর্মুলা ওয়ানের রেসারদের ব্যবহৃত প্রযুক্তি। দলটির পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সরবরাহ করা এই ভেস্টের ভেতরে থাকা পকেটগুলোতে শীতলীকরণ জেল থাকে, যা দ্রুত শরীরের তাপমাত্রা কমিয়ে খেলোয়াড়দের সতেজ রাখতে সাহায্য করে। একইসাথে ব্যবহার করা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী বিশেষ বুট, যা দীর্ঘক্ষণ দৌড়ানোর পরও পায়ের শীতলতা বজায় রাখে।
টুর্নামেন্ট শুরুর পর থেকেই এই প্রযুক্তি ব্যবহার করছে স্পেন। স্প্যানিশ দলের ফিটনেস কোচ কার্লোস ক্রুজ জানিয়েছেন, খেলোয়াড়দের ক্লান্তি দূর করতে ও দ্রুত কার্যক্ষমতা ফিরিয়ে আনতে এই প্রযুক্তির বিকল্প নেই। তিনি বলেন, ‘অনুশীলনের পর আমরা এটি ব্যবহার করছি। চাইলে ম্যাচের আগে বা ওয়ার্ম-আপের শেষেও এটি ব্যবহার করা সম্ভব, যা খেলোয়াড়দের শরীরকে সতেজ রাখে।’
ফুটবলে এই প্রযুক্তির ব্যবহার নতুন মনে হলেও ফর্মুলা ওয়ানে এটি অত্যন্ত জনপ্রিয়। সিঙ্গাপুর, কাতার বা অস্ট্রেলিয়ার মতো অতিরিক্ত গরমের সার্কিটগুলোতে চালকরা নিয়মিত এই কুলিং ভেস্ট ব্যবহার করেন। আধুনিক ফুটবলে খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্সের মান ধরে রাখতে এই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
