প্রযুক্তি বিষয়ক কোম্পানি ডেল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডেল যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় অ্যাট অস্টিনকে ৭৫ কোটি ডলার দান করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯০০০ কোটি টাকা। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেয়া সবচেয়ে বড় ব্যক্তিগত অনুদানগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এই দান মূলত একটি নতুন স্বাস্থ্যসেবা ও গবেষণা ক্যাম্পাস গড়ে তোলার জন্য ব্যবহৃত হবে। এর মধ্যে থাকবে একটি আধুনিক হাসপাতাল। বিশ্ববিদ্যালয় বলছে এটি হবে দেশের প্রথম ‘এআই-নেটিভ হাসপাতাল’। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে রোগ নির্ণয় আরও দ্রুত ও নির্ভুল করার পরিকল্পনা আছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নতুন এই অনুদানের মাধ্যমে হাসপাতালের পাশাপাশি শিক্ষার্থীদের বৃত্তি, উন্নত কম্পিউটিং অবকাঠামো, চিকিৎসা গবেষণা কর্মসূচির উন্নয়ন করা হবে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের এই হাসপাতালগুলোতে এআই সিস্টেম ডাক্তারদের রোগ আগেভাগে শনাক্ত করতে এবং রোগীর জন্য আরও ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে সহায়তা করবে।
মাইকেল ডেল ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সম্পর্ক
মাইকেল ডেলের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বহু দশকের পুরোনো। তিনি ১৯৮৩ সালে এখানে প্রি-মেড (চিকিৎসাবিজ্ঞান-পূর্ব) শিক্ষার্থী হিসেবে ভর্তি হন। সিএনবিসি’র ‘ইনভেস্ট ইন আমেরিকা ফোরাম’-এ তিনি বলেন, তার বাবা-মা চেয়েছিলেন তিনি ডাক্তার হোন। তিনি বলেন, আমি এই বিষয়টিকে একটি দীর্ঘ যাত্রার পরবর্তী ধাপ হিসেবে দেখি, যা শুরু হয়েছিল আমার বাবা-মায়ের আমাকে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ডাক্তার হওয়ার জন্য পাঠানোর মধ্য দিয়ে। কিন্তু পড়াশোনার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি থেকেই কম্পিউটার আপগ্রেড কিট বিক্রি শুরু করেন। তখন তার মূলধন ছিল প্রায় ১০০০ ডলার। পরবর্তীতে তিনি কলেজ ছেড়ে দেন এবং ১৯৮৪ সালে নিজের ব্যবসা শুরু করেন, যা পরে ডেল টেকনোলজিস-এ পরিণত হয়।
আগের অনুদান ও অবদান
এটিই প্রথম নয়। মাইকেল ও তার স্ত্রী সুসান ডেল দীর্ঘদিন ধরে অস্টিন অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় অনুদান দিয়ে আসছেন। ২০০৫ সালে তারা আড়াই কোটি ডলার দান করেন ডেল চিলড্রেন’স মেডিকেল সেন্টার নির্মাণে। ২০১৩ সালে ৫ কোটি ডলার দান করেন ডেল মেডিকেল স্কুল প্রতিষ্ঠায়। এই সর্বশেষ ৭৫ কোটি ডলারের দানের ফলে মাইকেল ও সুসান ডেলের মোট অনুদান ১০০ কোটি ডলারেরও বেশি ছাড়িয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া ও সম্মাননা
টেক্সাস বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে, মাইকেল ডেল যে ডরমেটরিতে প্রথম বর্ষে ছিলেন, সেটির নাম পরিবর্তন করে ‘ডেল হাউস’ রাখা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই অনুদান শুধু একটি হাসপাতাল নির্মাণ নয়, বরং ভবিষ্যতের চিকিৎসা প্রযুক্তি ও শিক্ষাব্যবস্থার রূপান্তরের দিকে একটি বড় পদক্ষেপ। নতুন ‘ইউটি ডেল মেডিকেল সেন্টার’ ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার কথা। এটি একটি বৃহত্তর স্বাস্থ্য ও গবেষণা ক্যাম্পাসের অংশ হবে, যেখানে এআই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানের কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ যুক্তরাষ্ট্রে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা এবং স্বাস্থ্যসেবার ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।
