হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের সদস্য আক্তার মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের গন্ধ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি রাম দা ও একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আক্তার মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ছিনতাইকারী চক্রের সদস্যরা মোটরসাইকেলযোগে নবীগঞ্জ বাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি নজরে আনেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার রায় তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ শহরের গন্ধ্যা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় আক্তার মিয়া নামের এক ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করে। এ ছাড়া, ছিনতাইকারী চক্রের ওই সদস্যের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে বলে পুলিশের তথ্যমতে জানা গেছে। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
