বরিশালে অটোচালককে হত্যার ঘটনায় বাড়িতে আগুন

ফন্ট সাইজ:

বরিশাল সদর উপজেলায় অটোরিকশাচালক হত্যার ঘটনায় একজন আটকের পর তার বাড়িতে আগুন দিয়েছে ক্ষুদ্ধ এলাকাবাসী। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে নগরীর জাগুয়া নতুনহাট এলাকায় হাওলাদার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গত ১৫ই জুন সোমবার নগরীর কালিজিরা নদীর পূর্বপাড় থেকে ভাসমান অবস্থায় অটোরিকশাচালক নাজমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা ও আব্দুল রশিদ মোল্লার ছেলে। স্থানীয়রা জানিয়েছে, গত শনিবার (১৩ই জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। দুপুর থেকে নাজমুলের ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে গত রোববার নিহতের বাবা আব্দুল রশিদ মোল্লা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (উপ-পুলিশ কমিশনার ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় মিরাজ নামের একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনা জানার পর স্থানীয়রা অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে।
ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন