বাহাদুরাবাদ-বালাসী রুটে সেতুর দাবিতে মানববন্ধন

বাহাদুরাবাদ-বালাসী রুটে সেতুর দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর ২য় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে বাহাদুরাবাদ নৌ-টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সর্বস্তরের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন, হযরত আলী, মাহবুব রহমান, ফজলুল হক, নয়া মিয়া প্রমুখ। বাহাদুরাবাদ থেকে বালাসী ঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে উপস্থিত নেতৃবৃন্দের অনেকেই বক্তব্য দেন। বক্তারা বলেন, বাহাদুরাবাদ-বালাসী নৌ-রুটে যমুনা নদীর উপর একটি সেতু এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। বাহাদুরাবাদ-বালাসী ঘাটে সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে, পাশাপাশি মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে। একইসঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়ে আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

দেওয়ানগঞ্জ যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু হোসেন বলেন, বাহাদুরাবাদ-বালাসী নৌপথ উত্তরাঞ্চলের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে এ স্থানে একটি সেতু নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে প্রতিদিন হাজারো মানুষকে নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের অন্তত আট জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে ঢাকার সঙ্গে যোগাযোগের দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার কমে আসবে এবং যমুনা সেতুর (টাঙ্গাইল-সিরাজগঞ্জ) উপর চাপও হ্রাস পাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন