যশোরের অভয়নগরে একাধিক মামলার আসামি রিয়াজ হোসেন (২৯) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে নিহতের মা রূপবান খাতুন বাদী হয়ে ১৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের আবু দাউদ আলী মোল্যার ছেলে রাজু আহম্মেদ (২৩), একই গ্রামের মনজেল মোল্যার ছেলে ফজলু হোসেন (২৪) ও আব্দুল খালেক মোল্যার ছেলে ওবায়দুল ইসলাম মানিক (১৯)। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজকে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রিয়াজ ওই ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ ছয়টি মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা অভয়নগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) সমরেশ কুমার দাস বলেন, বুধবার দুপুরে মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
