ডিসেম্বরের আগেই শেষ হবে জলাবদ্ধতা নিরসন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ

নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান

ডিসেম্বরের আগেই শেষ হবে জলাবদ্ধতা নিরসন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানিয়েছেন, আগামী ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। এসব প্রকল্প চালু হলে নগরবাসী সরাসরি এর সুফল ভোগ করবেন। বুধবার সকালে সিডিএ’র সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ কথা বলেন। এর আগে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণের পর সিডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যেই প্রকল্পগুলোর কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ডিসেম্বর মাসেই প্রকল্পগুলো উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। উদ্বোধনের আগেই নগরবাসী এসব উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে শুরু করবেন। সভায় চেয়ারম্যান বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত সম্পন্ন করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি আরও জানান, নগর উন্নয়নে চট্টগ্রাম সিটি করপোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং অন্যান্য সেবা সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করা হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে কাজের গতি বাড়ানো হবে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্যদের মতামত ও পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমকে সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেন, যাতে সংস্থার কার্যক্রম সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়। নগর পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করতে হবে। নকশাবহির্ভূত ও অপরিকল্পিত নির্মাণ নগরের সৌন্দর্য ও পরিকল্পিত উন্নয়নের জন্য বড় প্রতিবন্ধক।

সভায় সিডিএ’র সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নূরী, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দায়িত্ব গ্রহণের দিন সকালে নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন শাহ্ সূফী হযরত আমানত শাহ্ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন