তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

থুথু ফেলা নিয়ে কথাকাটাকাটির জেরে রংপুরে কর্মচারী মো. শাওন (২৫)কে পিটিয়ে হত্যা করেছে দোকান মালিক। মঙ্গলবার রাত ৯টায় নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত মিজানুর রহমান মনু (৩০)কে আটক করে পুলিশে দেয়। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের ডিবি’র উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। স্থানীয়রা জানায়, ৪ বছর ধরে নগরীর খামার মোড়ে পুরি-পিঁয়াজুর দোকানে কাজ করে আসছিল শাওন। ঘটনার দিন রাতে শাওন দোকান থেকে রাস্তার দিকে বের হলে পেছন থেকে দোকান মালিক আমির হোসেনের ছেলে মনু হাতুড়ি দিয়ে শাওনকে উপর্যুপরি আঘাত করে।

এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাওন। এ সময় স্থানীয়রা মনুকে আটক করে এবং শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেয়ার পথে শাওনের মৃত্যু হয়। শাওনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এদিকে ঘাতক মনুর পরিবারের দাবি মনু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছে দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন থুথু ফেলতো। বারবার বারণ করার পরও একই কাজ করে যাচ্ছিল শাওন। এ নিয়ে রাতে শাওন ও মনুর মাঝে কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে মনু। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় মনে হয়নি মনু মানসিক ভারসাম্যহীন। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন