নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫১) নামের এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শাহাগোলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। নিহত নেয়ামুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। নিহতের স্ত্রী সাহিদা বেগম জানান, গত মঙ্গলবার বিকালে গ্রামের বাড়ি থেকে নওগাঁ আসছিলেন তিনি। সবশেষ গত সন্ধ্যার আগে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে মোবাইলে তাকে বলেন এশার নামাজ নওগাঁ এসে পড়বেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারে পরিবার। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নেয়ামুলের পরিবার। নেয়ামুলের ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে কথা হলে এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। সেই মোতাবেক আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন মিজানুর। আত্রাই থানার ওসি মাহাবুবুর জানান, মরদেহ রেললাইনে ছিল বলে রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। আত্রাই থানা পুলিশ সহযোগিতা করেছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পাশেই পড়েছিল তার ব্যবহৃত ব্যাগ। হাতে ঘড়ি, জোব্বার পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগে কিছু টাকা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
