রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুজন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ৩২নং ওয়ার্ডের তামপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন মুন্সীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি আতাউর রহমান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, কয়েকদিন ধরে রংপুরে তীব্র লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুতের সরবরাহ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে সুজন তামপাটের নির্জন স্থানের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করে।
এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে স্থানীয়রা খুঁটির সামনে তার লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
