চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, গত শনিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের পক্ষে ৩৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৪ই নভেম্বর নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আলিনা বাড়ির পাশের মসজিদে পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয়। পরে তদন্তে উঠে আসে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর শিশুটিকে অপহরণ করেছিলেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপহরণের পর শিশুটিকে কোথাও রাখার সুযোগ না পেয়ে আবীর তাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর অপরাধের আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন।
ঘটনার ১৬ দিন পর ৩০শে নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাটসংলগ্ন সুইচ গেট এলাকার একটি গর্ত থেকে শিশুটির দুই পা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন একই এলাকা থেকে উদ্ধার করা হয় খণ্ডিত মাথা। পরবর্তী সময়ে তদন্তে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য উদ্ঘাটিত হয় এবং আবীরকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় সাড়ে তিন বছর পর আদালত মামলার রায় ঘোষণা করেন।
