উখিয়ায় ক্যাম্পের বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গা আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমিতে বসবাসরত সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। রোববার ভোর থেকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় এ অভিযান শুরু হয়। যৌথ বাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলমান থাকায় আটক রোহিঙ্গাদের সঠিক সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। অভিযানের সময় বিভিন্ন ভাড়া বাসা ও স্থানীয়দের জমিতে বসবাসরত প্রায় হাজারাধিক রোহিঙ্গাকে আটক করা হয়। প্রশাসন সূত্র জানায়, রোহিঙ্গাদের জন্য নির্ধারিত ক্যাম্পে থাকার ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেকেই নিয়ম ভেঙে স্থানীয়দের জমিতে ঘর তুলে বা ভাড়া বাসায় বসবাস করছে, যা স্থানীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আটক রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট স্থানে জড়ো করে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের ক্যাম্পে পাঠানো হয়নি। কেন তারা নির্ধারিত ক্যাম্প ছেড়ে বাইরে অবস্থান করছিল এবং নির্বাচনকে সামনে রেখে তাদের কোনোভাবে ব্যবহার করা হচ্ছে কি না, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। অনুসন্ধান শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের ক্যাম্পে পাঠানো হবে। এর আগে গত সপ্তাহে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারি, বার্মা কলোনি ও লোহাগাড়াসহ বিভিন্ন এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়। রামু ক্যান্টনমেন্ট সূত্র জানিয়েছে, পুরো চট্টগ্রাম জুড়েই এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন