‘মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে জেলে পাঠানো হবে’

‘মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে জেলে পাঠানো হবে’

ফন্ট সাইজ:

ধর্ষক বা মাদক ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের সম্পদ হতে পারে না- উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আসাদুজ্জামান বলেছেন, এদের দমনে যদি কোনো রাজনৈতিক নেতা তদবির করেন, তবে সেই নেতাসহ তাদের একই মামলায় জড়িয়ে হাজতে পাঠানো হবে। আমার নিজের দলের নেতা হলেও রেহাই পাবেন না। মাদক ও ধর্ষণের বিষয়ে সরকার কোনো আপস করবে না এবং ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

দুর্নীতিবাজদের সতর্ক করে মন্ত্রী বলেন, আপনি যত গোপনেই দুর্নীতি করেন না কেন, সরকার তা নজরদারি করছে। রাষ্ট্রের এখন অনেকগুলো চোখ, যা এড়ানো অসম্ভব। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা কামারুজ্জামান, চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপি সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল, বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাসান। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তাদের কর্মক্ষেত্রে অবহেলার সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী সকাল ৯টায় অফিস করেন। কিন্তু জেলা ও উপজেলার অনেক সরকারি কর্মকর্তার মধ্যে এখনও অফিসে আসার অনীহা রয়েছে। কর্মকর্তারা যদি স্ব-স্ব স্থান থেকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে সমাজ বা রাষ্ট্রে কোনো সংকট থাকবে না। তিনি কর্মকর্তাদের দক্ষতা (এফিসিয়েন্সি) বাড়ানোর এবং জনভোগান্তি কমানোর আহ্বান জানিয়ে বলেন, এক ছাতার নিচে সব সেবা নিশ্চিত করতে সরকার ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর জোর প্রচেষ্টা চালাচ্ছে। আইনমন্ত্রী এর আগে ঝিনাইদহ পৌরসভা এলাকায় ১১ কোটি টাকা ব্যয় নির্মিত অত্যাধুনিক কসাইখানা ও বিকালে শৈলকুপা উপজেলার বারইপাড়া স্কুল মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন