জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

ফন্ট সাইজ:

অবশেষে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেলো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকার হাজারী গুড়। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার ঐকান্তিক প্রচেষ্টায় সরকার মানিকগঞ্জের হাজারী গুড়কে ভৌগোলিক নির্দেশক নিবন্ধন সনদ প্রদান করেছে। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এই গুড় তার অনন্য স্বাদ, মন মাতানো সুগন্ধ ও বিশেষ উৎপাদন পদ্ধতির কারণে দীর্ঘদিন ধরে দেশব্যাপী সমাদৃত।

প্রায় দুই শতকের ঐতিহ্য বহনকারী এ পণ্যের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথও ঝিটকার হাজারী গুড়ের স্বাদ গ্রহণ করে এর ভূয়সী প্রশংসা করেছিলেন। সেই থেকেই আন্তর্জাতিক অঙ্গনেও এই গুড়ের পরিচিতি আরও বিস্তৃত হয়। মানিকগঞ্জের ঐতিহ্য ও গৌরবের প্রতীক হিসেবে সরকারিভাবে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবেও স্বীকৃতি পেয়েছে ঝিটকার হাজারী গুড়। শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) গত সোমবার (১৫ই জুন) হাজারী গুড়ের জিআই নিবন্ধন সনদ ইস্যু করে।

অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ স্বীকৃতি প্রদান করা হয়। নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, মানিকগঞ্জের হাজারী গুড় পণ্যটি জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ২০শে ফেব্রুয়ারি ২০২৪ থেকে নিবন্ধিত হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন