কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
একইসঙ্গে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের গুণগত মানও পরিদর্শন করেন তিনি। হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও হাসপাতালের কিছু অংশের অপরিচ্ছন্নতা এবং রোগীদের ব্যবহৃত বাথরুমের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার এই সফর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে।
তিনি বলেন, গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি। জনগণের কাছে দায়বদ্ধ নেতৃত্ব না থাকায় জবাবদিহিতার সংস্কৃতিও গড়ে ওঠেনি। যারা রাতের অন্ধকারে ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করছি। এ সময় তিনি আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দেন। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।
