নেত্রকোণায় আলোচিত ১০ বছরের শিশু ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকালে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও সদস্য সচিব নাজমুল হুদা খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত মহন তালুকদার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু ধর্ষণের ঘটনাটি প্রকাশিত হওয়ার পর সেটি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা সৃষ্টি হওয়ার পর গত মঙ্গলবার রাতে সংগঠনের জরুরি সভা ডেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা জীবিকার জন্য দেশের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন। মা গৃহকর্মীর কাজ করেন। গত ২০২৫ সালের ৯ই ডিসেম্বর দুপুরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে মহন তালুকদার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন মহন। ভয়ে শিশুটি ঘটনাটি কাউকে বলেনি। গত ১২ই মার্চ শিশুটি অসুস্থ বোধ করে এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়।
মা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা খুলে বলে। পরদিন ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে শিশুটির মা বাদী হয়ে গত ২৮শে এপ্রিল আদালতে অভিযোগ করেন। আদালত মোহনগঞ্জ থানাকে মামলাটি রেকর্ড করে প্রয়োজনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার পর ২রা মে ধর্ষণের অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়। শিশুটির মা বলেন, আমরা গরিব মানুষ। আমার মেয়েটার জীবন নষ্ট করে দেয়া হইছে। মামলা করছি, কিন্তু আসামি এখনো ধরা পড়ে নাই। আমার মেয়ের যে সর্বনাশ করছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, এজাহারে উল্লেখিত আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
