যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার এক আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। নিহত রিয়াজ ওই ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রিয়াজ এলাকায় সন্ত্রাসী প্রকৃতির যুবক হিসেবে পরিচিত ছিলেন। মাদকের সঙ্গেও তার গভীর সংশ্লিষ্টতা ছিল। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কে বা কারা তাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রিয়াজ নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ও শরীরের বিভিন্নস্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, দুর্বৃত্তদের হামলায় রিয়াজ নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একাধিক মামলার আসামি। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে।
