অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৩২ রানের লক্ষ্য ৪ উইকেট ও ১০ বল হাতে রেখেই ছুঁয়ে ফেললো অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ওভারে জশ ইংলিসকে সাজঘরে ফিরিয়ে কিছুটা চাপ তৈরি করে বাংলাদেশ। কুপার কনোলির ঝড়ো ব্যাটিংয়ে সেই চাপ উবে যায়। ২৭ বলে ৪৭ রানে বিদায় নেন তিনি। তাতে সমীকরণ হাতের কাছে চলে আসে অজিদের। শেষ দিকে জোয়েল ডেভিস ও জাভিয়ের বার্টলেটের জুটিতে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত আবদুল গাফফার সাকলাইন।
শেষ জুটিতে ভর করে বাংলাদেশের পুঁজি ১৩১
শেষ উইকেটের জুটিতে মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদীর অবদানে পুঁজি কিছুটা বড় হলো বাংলাদেশের। ১২ বলে দুজন মিলে যোগ করেছেন ২৩ রান। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের পুঁজি ১৩১ রান।
তৃতীয় ওভারে প্রথম উইকেট হারানো বাংলাদেশ দ্রুতই চাপে পড়ে যায়। স্কোরকার্ডে ৭৫ রান তুলতেই ৫ উইকেট হারায় তাওহীদ হৃদয়ের দল। ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২০ রান। তানজিদ হাসান ও সৌম্য সরকারে অবদান যথাক্রমে ১০ ও ১৭ রান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন শেখ মেহেদী। আটে নামা এ টাইগার ব্যাটার ২২ বলে ২৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। সমান ১০ রান করে করেন পারভেজ হোসেন ও অভিষিক্ত আবদুল গাফফার সাকলাইন। ৫ বলে ১ ছক্কায় ৭ রান করেন মোস্তাফিজ।
অস্ট্রেলয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও অভিষিক্ত জোয়েল ডেভিস।
