দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৫৮ জনে দাঁড়িয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এসময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৬ শিশুর। চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম উপসর্গে ৫৬৫ শিশু মারা গেছে।
এ সময়ে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৭ হাজার ৯২৯ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ৪০৫ শিশু। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৬৮ হাজার ৭৮২ শিশু।
